প্রিন্ট এর তারিখঃ Aug 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 3, 2026 ইং
কালিহাতীতে সাঁড়াশি অভিযানে ১৩ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, আগুনে বিনষ্ট

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অবৈধ মৎস্য আহরণ ঠেকাতে ব্যাপক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মোবাইল কোর্টের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে উদ্ধার করা জাল উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সোমবার (৩ আগস্ট) উপজেলার চারান বাজার এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা জাকিয়া আবেদীন, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে ১২ হাজার ৫০০ মিটার চায়না দুয়ারী জাল এবং ২ হাজার ৬০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। মোট ১৫ হাজার ১০০ মিটার নিষিদ্ধ জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা।
অভিযান শেষে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিষিদ্ধ জালের ব্যবহার নদী-নালা ও জলাশয়ের প্রাকৃতিক মৎস্যসম্পদের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব জালে মাছের পোনা ও ছোট মাছ নির্বিচারে ধরা পড়ায় প্রাকৃতিক প্রজনন ব্যাহত হয় এবং জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার বলেন, মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে। যারা নিষিদ্ধ জাল ব্যবহার, মজুত বা বিক্রির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শুভ্র মজুমদার / দেশ বাংলা টিভি নিউজ
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ